ডেইলি বাংলাগ্রাম

অনুমোদন ছাড়া বিদেশে অবস্থান: উপসচিব হাবিবা শারমিন বরখাস্ত

অনুমতি না নিয়ে বিদেশে অবস্থান এবং দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব বেগম হাবিবা শারমিনকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

অনুমোদন ছাড়া বিদেশে অবস্থান: উপসচিব হাবিবা শারমিন বরখাস্ত

অনুমতি না নিয়ে বিদেশে অবস্থান এবং দীর্ঘ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের উপসচিব বেগম হাবিবা শারমিনকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। তাঁর এই বরখাস্তের আদেশ ২০২১ সালের ৯ ডিসেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, হাবিবা শারমিন ২০২১ সালের ৮ ডিসেম্বর চিকিৎসার কারণ দেখিয়ে এক বছরের জন্য বিনা বেতনে ছুটির আবেদন করেছিলেন। কিন্তু কর্তৃপক্ষ সেই ছুটি মঞ্জুর করেনি। ছুটি অনুমোদিত না হলেও তিনি ২০২১ সালের ৯ ডিসেম্বর থেকে কর্মস্থলে যাওয়া বন্ধ করে দেন। পরবর্তীতে ২০২৩ সালের ২৫ মে তাঁকে কাজে ফেরার নির্দেশ দেওয়া হলেও তিনি যোগ দেননি। উল্টো তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করে ই-মেইলের মাধ্যমে পুনরায় ছুটির আবেদন পাঠান। এতে অনুমতি ছাড়া দেশত্যাগ ও অনুপস্থিতির কারণে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়।

তদন্ত কর্মকর্তা মো. আল আমিন সরকার ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে হাবিবা শারমিনের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। এরপর দ্বিতীয় কারণ দর্শানোর নোটিশ পেয়ে তিনি ২০২৪ সালের ১৭ অক্টোবর অসুস্থতার কারণ দেখিয়ে চাকরি থেকে অব্যাহতির আবেদন জানান। তবে কর্তৃপক্ষ বরখাস্তের সিদ্ধান্তেই অটল থাকে। সবশেষে সরকারি কর্ম কমিশনের সম্মতি এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর তাঁকে বরখাস্তের চূড়ান্ত আদেশ জারি করা হয়।