নতুন শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণিতে আসছে ‘খেলাধুলা’ বই: প্রতিমন্ত্রী আমিনুল হক
আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের চতুর্থ শ্রেণির পাঠ্যতালিকায় ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে।
আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের চতুর্থ শ্রেণির পাঠ্যতালিকায় ‘খেলাধুলা’ নামে নতুন একটি বই যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে স্কুলগুলোতে সারা বছর খেলাধুলার চর্চা চালু রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ বাড়িয়ে শিক্ষার্থীদের মাদক ও নানা অপকর্ম থেকে দূরে রাখতে চায় সরকার। এর লক্ষ্য হলো একটি সুস্থ, মানবিক ও নিয়মনিষ্ঠ প্রজন্ম গড়ে তোলা। তিনি জানান, বিদ্যালয় পর্যায়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ ১০টি ইভেন্ট চালুর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা চলছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, ভলিবল, টেবিল টেনিস, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ বিভিন্ন খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মঈনুল হক মইন, আব্বাস উদ্দিন উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট আলী আশরাফ লিটন এবং বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশ উপস্থিত ছিলেন। এই আয়োজনের আগে প্রতিমন্ত্রী মিরপুরের ১১ ও ১০ নম্বর সেকশনে ঢাকা ওয়াসার দুটি পানির পাম্প এবং একটি মাইয়্যেতখানা উদ্বোধন করেন। পরে তিনি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণীতেও অংশ নেন।