সৌদিতে দুর্ঘটনায় নিহত সিলেটের দুই প্রবাসীর মরদেহ দেশে পৌঁছাল
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাটের দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাটের দুই প্রবাসীর মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২০৬ ফ্লাইটে মরদেহ দুটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। নিহত দুই প্রবাসী হলেন কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকার লামার তালুক গ্রামের বাসিন্দা আব্দুল করিম ও খালিদ আহমদ।
বিমানবন্দরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ দুটি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করে। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসীকল্যাণ ডেস্কের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক তাজউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে নিহতদের পরিবারকে তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তীতে উভয় পরিবারকে আরও তিন লাখ টাকা করে অনুদান দেওয়া হবে।
গত ৭ সেপ্টেম্বর তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে সৌদি আরবের আল-খুরমা মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। এতে আব্দুল করিম ও খালিদসহ চারজন বাংলাদেশি নিহত হন। সেই দুর্ঘটনার প্রায় এক মাস পর তাঁদের মরদেহ দেশে পৌঁছাল। নিহতদের স্বজনরা জানিয়েছেন, আসরের নামাজের পর স্থানীয় মসজিদে জানাজা শেষে তাঁদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।