উচ্চতর প্রশিক্ষণে জাপান যাচ্ছেন বিচারক ও আইনজীবীদের ২৩ সদস্যের প্রতিনিধিদল
আইনি সেবার প্রসার ও বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে উচ্চতর প্রশিক্ষণে অংশ নিতে জাপান যাচ্ছেন ১৭ জন বিচারক এবং ৬ জন আইনজীবী।
আইনি সেবার প্রসার ও বিচার পাওয়ার সুযোগ নিশ্চিত করতে উচ্চতর প্রশিক্ষণে অংশ নিতে জাপান যাচ্ছেন ১৭ জন বিচারক এবং ৬ জন আইনজীবী। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে আগামী ১ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। বুধবার (৭ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রশিক্ষণার্থী দলে আছেন নরসিংদীর জেলা ও দায়রা জজ শেখ হুমায়ুন কবীর, কুমিল্লার জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন, আইনগত সহায়তা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মঞ্জুরুল হোসেন এবং আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মাসুম বিল্লাহ। তালিকায় আরও রয়েছেন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্টার এএইচএম তোয়াহা, স্পেশাল অফিসার মো. মাজহারুল হক, আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুদ্দীন হোসাইন, মোঃ মঈনউদ্দিন কাদির ও মুহাম্মদ আশেকুর রহমান। এছাড়া বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক মো. ফরিদুজ্জামান, আইনগত সহায়তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আশরাফুজ্জামান, কুমিল্লার চিফ লিগ্যাল এইড অফিসার মনিকা খান, বরিশালের যুগ্ম জেলা ও দায়রা জজ মনিরুজ্জামান, নরসিংদীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. তৌহিদ আল আজাদ, ঝিনাইদহের সিনিয়র দেওয়ানি জজ অনুশ্রী রায়, বগুড়ার দেওয়ানি জজ মো. রকিবুল হাসান এবং বরিশালের দেওয়ানি জজ মো. জাহিদুল ইসলাম এতে যোগ দিচ্ছেন। আইনজীবীদের মধ্যে নরসিংদী বার অ্যাসোসিয়েশনের মোহাম্মদ আলী, মোহাম্মদ কাইয়ুম ও আফরোজা বেগম এবং কুমিল্লা বার অ্যাসোসিয়েশনের আয়েশা বেগম, সরকার গিয়াস উদ্দিন মাহমুদ ও শাহিদা আনোয়ার সুযোগ পেয়েছেন।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, সফর ও প্রশিক্ষণের পুরো সময় অংশগ্রহণকারীদের কর্মকাল হিসেবে বিবেচিত হবে। এই সফরের সব ব্যয় জাইকা দেবে, ফলে সরকারের কোনো দেশীয় বা বৈদেশিক মুদ্রা খরচ হবে না। প্রতিনিধিদলটি আগামী ১ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে এবং প্রশিক্ষণ শেষে ১৪ নভেম্বর দেশে প্রত্যাবর্তন করবে।