‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আজ হোক বা কাল জাতীয়করণ হবেই’: মীর শাহে আলম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি আজ হোক বা কাল জাতীয়করণ হবেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের চাকরি আজ হোক বা কাল জাতীয়করণ হবেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শিক্ষক কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষকদের পদমর্যাদা বৃদ্ধির দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই এই জাতীয়করণ বাস্তবায়িত হবে।
প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের বয়স মাত্র সাত মাস হলেও শিক্ষা খাতের উন্নয়নে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এই সময়ে শিক্ষা বাজেট তিন গুণ এবং স্বাস্থ্য বাজেট দ্বিগুণ করা হয়েছে। এছাড়া ২০২২ থেকে ২০২৬ সালের মধ্যে অবসরে যাওয়া প্রায় ১ লাখ শিক্ষকের ভাতার জন্য ২ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠন করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে ৫ দশমিক ৫ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে মন্ত্রণালয় অনুদান দেবে। এর ফলে ছুটির দিনে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে প্রতিষ্ঠানগুলো মাসে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে।
জাতীয়করণের জন্য বছরে অতিরিক্ত ৭০০ থেকে ৮০০ কোটি টাকা প্রয়োজন উল্লেখ করে তিনি শিক্ষকদের একটি বড় সমাবেশের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলে ধরার পরামর্শ দেন। এছাড়া পূর্ণাঙ্গ জাতীয়করণ না হওয়া পর্যন্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে কোনো আইনি বাধা নেই বলেও তিনি স্পষ্ট করেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভীর উপস্থিত থাকার কথা ছিল। অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া, শিক্ষক নেতা চৌধুরী মুগীস উদ্দিন মাহমুদ ও মো. জাকির হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।