১৮ কোটি মানুষের জন্য সুপেয় পানি নিশ্চিত করতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্প
সারাদেশের ১৮ কোটি নাগরিকের কাছে নিরাপদ খাবার পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার।
সারাদেশের ১৮ কোটি নাগরিকের কাছে নিরাপদ খাবার পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার সমন্বিত প্রকল্প নেওয়ার পরিকল্পনা করছে সরকার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সচিবালয়ে আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সংস্থাকে যুক্ত করে প্রায় ২ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ের এই বৃহৎ উদ্যোগ সাজানো হচ্ছে।
বৈঠকে ইউনিসেফের পাশাপাশি বিশ্বব্যাংক ও ওয়াটারএইডের প্রতিনিধিরাও অংশ নেন। নদী শুকিয়ে যাওয়া ও উজানে পানি প্রত্যাহারের প্রভাব তুলে ধরে মন্ত্রী জানান, এর কারণে দেশের উত্তরাঞ্চলে মরুভূমি হওয়ার উপক্রম হচ্ছে এবং দক্ষিণাঞ্চলের পানিতে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। ফলে উপকূলীয় অঞ্চলে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। দূষিত পানি মানুষের মৃত্যুর কারণ হতে পারে উল্লেখ করে তিনি বলেন, সবার কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়াই এখন তাদের মূল দায়িত্ব।
বিদেশি সহায়তার বিষয়ে মন্ত্রী বলেন, অতীতে উন্নয়ন সহযোগীদের দেওয়া অর্থ সঠিকভাবে কাজে লাগানো হয়নি। পাশাপাশি বৈশ্বিক মন্দার কারণে এখন আন্তর্জাতিক তহবিল পাওয়ার সুযোগও কমে আসছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের অপচয় ও দুর্নীতি থামিয়ে জনগণের সেবা নিশ্চিতে প্রশাসন কাজ করে যাচ্ছে।