উপজেলা পরিষদের সভার বিবরণী ১৪ দিনে পাঠানোর নির্দেশ
দেশের সব উপজেলা পরিষদকে সভা শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে কার্যবিবরণীর অনুলিপি সরকার এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
দেশের সব উপজেলা পরিষদকে সভা শেষ হওয়ার ১৪ দিনের মধ্যে কার্যবিবরণীর অনুলিপি সরকার এবং সংশ্লিষ্ট সংসদ সদস্যের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে ওই বিবরণীতে সামগ্রিক উন্নয়ন এবং সরকারের অগ্রাধিকারমূলক কাজের অগ্রগতি বিস্তারিতভাবে জানাতে বলা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মোজাম্মেল হক রাসেল স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসকদের এই নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে জানানো হয়, উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ২৭(৪) ধারায় সভার বিবরণী পাঠানোর নিয়ম রয়েছে। তবে পর্যালোচনা করে দেখা গেছে, বেশির ভাগ উপজেলা পরিষদ নিয়মিতভাবে তা পাঠাচ্ছে না। এর ফলে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ প্যানেল বসানো কিংবা ডেঙ্গু মোকাবিলার মতো অগ্রাধিকার প্রকল্পের অগ্রগতি সঠিকভাবে তদারকি করা সম্ভব হচ্ছে না। এ কারণেই আইনের বিধান মেনে নিয়মিত কার্যবিবরণী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, অগ্রাধিকারমূলক কাজের অগ্রগতির রঙিন ছবি কার্যবিবরণীর সঙ্গে যুক্ত করতে হবে। সম্ভব হলে কাজের আগের ও পরের তুলনামূলক ছবি পাশাপাশি জুড়ে দিতে হবে। সভার বিবরণীর একটি অনুলিপি নির্ধারিত ই-মেইলে এবং আরেকটি মুদ্রিত কপি সরাসরি স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে পাঠাতে হবে। মূলত মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।