ডেইলি বাংলাগ্রাম

নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ বৈঠক শুরু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হয়েছে।

নয়াদিল্লিতে দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ বৈঠক শুরু

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যবিষয়ক যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম বৈঠক শুরু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) শুরু হওয়া এই দ্বিপক্ষীয় আলোচনা শুক্রবার শেষ হবে। এতে যোগ দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি সরকারি প্রতিনিধিদল গত মঙ্গলবার নয়াদিল্লি গেছে।

বৈঠকে বিভিন্ন বাণিজ্য বাধা দূর করার বিষয়গুলো তুলে ধরবে ঢাকা। বিশেষ করে পাটজাত পণ্যে ভারতের অ্যান্টিডাম্পিং শুল্ক এবং বিভিন্ন স্থলবন্দর-সংক্রান্ত জটিলতা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। পাশাপাশি দুই দেশের সার্বিক বাণিজ্য পরিস্থিতি নিয়েও কথা হবে।

চীনের পর ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানি উৎস। দেশের উদ্যোক্তারা ভারত থেকে তুলা, সুতা, কাপড় ও বিভিন্ন শিল্পের কাঁচামাল নিয়ে আসেন। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুসারে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ ভারতে ১৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এবং ভারত থেকে দেশে পণ্য এসেছে এক হাজার ৯৬ কোটি ডলারের।