ডেইলি বাংলাগ্রাম

মা ইলিশ সংরক্ষণে সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সাগর ও নদ-নদীতে ২২ দিনের জন্য মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে।

মা ইলিশ সংরক্ষণে সাগর ও নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সাগর ও নদ-নদীতে ২২ দিনের জন্য মাছ ধরা বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এই সময়ে সাগর ও সুন্দরবনের নদীগুলোয় ইলিশ ধরা পুরোপুরি নিষিদ্ধ থাকবে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে জেলেরা বুধবার বিকেলেই জলসীমা ছেড়ে উপকূলে ফিরে এসেছেন।

মৎস্য অধিদপ্তরের এই নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিপণন করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। নদীতে শৃঙ্খলা রক্ষায় মৎস্য বিভাগ, বন বিভাগ, নৌপুলিশ, কোস্ট গার্ড ও নৌবাহিনী যৌথভাবে টহল দেবে। একই সঙ্গে নিয়মিত অভিযান, সচেতনতামূলক প্রচার ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে।

কর্মহীন সময়ে পরিবারগুলোর জন্য খাদ্য সহায়তার ব্যবস্থা করেছে সরকার। সংশ্লিষ্ট এলাকায় নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে মোট দেড় হাজার ইলিশ শিকারি রয়েছেন। এর মধ্যে তালিকাভুক্ত সাড়ে ১১শ জেলে পরিবারকে প্রত্যেকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।