পোশাকশিল্পের মজুরি বোর্ডে পরিবর্তন, নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী
পোশাক খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দায়িত্বে পরিবর্তন এনেছে সরকার।

পোশাক খাতের জন্য গঠিত নিম্নতম মজুরি বোর্ডের দায়িত্বে পরিবর্তন এনেছে সরকার। বোর্ড পুনর্গঠনের তিন দিনের মাথায় চেয়ারম্যান পদে এই রদবদল করা হলো। পদত্যাগ করা অবসরপ্রাপ্ত বিচারক শেখ আশফাকুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন সৈয়দ আজাদ সুবহানী। তিনি পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে কর্মরত। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এদিকে মজুরি বোর্ডের প্রথম বৈঠক বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নতুন চেয়ারম্যানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হবে। পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরির হার সুপারিশ করতে এই সভার আয়োজন করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়।
পোশাকশ্রমিকদের দাবির মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের এই মজুরি বোর্ড পুনর্গঠন করা হয়েছিল। এতে নিরপেক্ষ সদস্য হিসেবে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং পোশাক খাতের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন রয়েছেন। শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং খাতভিত্তিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিজিআইডব্লিউএফের সাধারণ সম্পাদক বাবুল আখতার।



