প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা: ডিটিসিএর নির্বাহী পরিচালক মসিউর রহমান প্রত্যাহার
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এই আদেশে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। এতে বলা হয়, জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত দ্রুত কার্যকর হবে।
এর আগে গত ১ নভেম্বর ঢাকার ছয়টি রুটে 'এক রুট, এক কোম্পানি' বাস চলাচলের পরীক্ষামূলক উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন মসিউর রহমান। সেখানে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানটিকে হাদিস ও শাশ্বত বাণী বলে অভিহিত করেন। তিনি আরও দাবি করেন, বক্তার মুখে দাড়ি বা মাথায় টুপি নেই বলেই এটি হাদিস হিসেবে গণ্য হচ্ছে না, আলেমরা বললে এটি হাদিস হয়ে যেত।
অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন, পরবর্তী পদায়নের সুবিধার জন্য তিনি তোষামোদ করছেন বলে অনেকে ভাবতে পারেন, তবে তিনি কথাটি বিশ্বাস করেন। রাজনৈতিক এই স্লোগানকে হাদিসের সমতুল্য দাবি করার পর তার বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।



