ডেইলি বাংলাগ্রাম

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের প্রথম বৈঠক আজ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত নতুন মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হচ্ছে।

পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের প্রথম বৈঠক আজ

তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য গঠিত নতুন মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত হচ্ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই বৈঠকের তথ্য জানানো হয়েছে। রাজধানীর সেগুনবাগিচায় (৪০ সেগুনবাগিচা, শাহ পোরশিয়া ভবনের ১৪ তলা) বোর্ডের নিজস্ব সভাকক্ষে এই আলোচনা বসবে।

পোশাক খাতের চলমান শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে এ বৈঠক আহ্বান করা হয়েছে। জ্যেষ্ঠ জেলা জজের সভাপতিত্বে এই সভায় পোশাকশিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরির হার সুপারিশের বিষয়ে আলোচনা করা হবে।

এর আগে গত রোববার দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে ছয় সদস্যের এই বোর্ড পুনর্গঠন করে সরকার। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। বোর্ডে মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ।