তাহসিফ হত্যা মামলা: দীপ ও দিশাকে জিজ্ঞাসাবাদে মিলল আরও তিনজনের সম্পৃক্ততা
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে নতুন করে আরও তিনজনের জড়িত থাকার তথ্য মিলেছে।
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি হত্যা মামলার তদন্তে নতুন করে আরও তিনজনের জড়িত থাকার তথ্য মিলেছে। রিমান্ডে থাকা আহমেদ শাহরিয়ার রেজা দীপ ও জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদ করে নৌপুলিশ এই তথ্য পেয়েছে। তদন্তে আসা নতুন ব্যক্তিদের মধ্যে এক দম্পতি ও আরেকজন নারী রয়েছেন। তারা তাহসিফ, দীপ ও দিশার পরিচিত ছিলেন। গত মঙ্গলবার উত্তরার বাসা থেকে বের হয়ে তাহসিফ নিখোঁজ হন। পরদিন টঙ্গীর তুরাগ নদের রাজবাড়ী ঘাট থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত সোমবার দীপ ও দিশাকে মুখোমুখি এবং আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ ও দিশা উত্তরার নেস্ট বারে প্রবেশ করেন। কিছুক্ষণ পর সেখানে দীপ পৌঁছান। রাত ১১টা ৫১ মিনিটে তাঁরা বের হন। এরপর তাহসিফ দিশাকে নিয়ে স্ন্যাকসের দোকান ও মোটরসাইকেল গ্যারেজে যান। রাত সাড়ে ১২টায় তিনি দিশাকে বাসায় নামিয়ে দেন। পরবর্তীতে তাঁদের গতিপথ তুরাগ নদের তীরে মিললেও সেখানে ঠিক কীভাবে তাহসিফের মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।
এদিকে তাহসিফের বাবা এনায়েতুল করিমের দাবি, দিশা তাহসিফের বন্ধু বা প্রেমিকা ছিলেন না। দিশার আচরণ শুরু থেকেই সন্দেহজনক ছিল এবং তিনি তাহসিফকে বিরক্ত করতেন। অপরদিকে দিশার পরিবারের ভাষ্য, গত ২৮ মে তাঁদের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক আগে কালসি ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হলে তাহসিফ দিশাকে নিজের বাসায় নিয়ে যান। তাহসিফ এর আগেও কয়েকবার দিশাকে তাঁদের বাড়িতে নিয়েছিলেন।