ইনডিপেনডেন্ট টিভির প্রধান সম্পাদক শামসুর রহমানের ৭ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্টদের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী ও সম্পাদক এম শামসুর রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্টদের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ভিত্তিতে সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
এর আগে রোববার দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন হিসাবগুলো জব্দের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন। আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও অন্যদের বিরুদ্ধে শেয়ার জালিয়াতি এবং ব্যাংক থেকে প্রায় ৩৬ হাজার কোটি টাকা ঋণ নিয়ে পাচারের অভিযোগ রয়েছে। সেই অনুসন্ধানের সঙ্গেই শামসুর রহমানের অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগটি যুক্ত করে খতিয়ে দেখা হচ্ছে।
অনুসন্ধান চলাকালে শামসুর রহমানের এসব ব্যাংক হিসাবের তথ্য পায় দুদক। সংস্থাটি জানায়, এসব হিসাবে থাকা অর্থ অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলে তথ্য পাওয়া গেছে। তাই ন্যায়বিচার ও সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে হিসাবগুলো অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন।