ডেইলি বাংলাগ্রাম

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: গাড়িতে আগুন, তিন স্টেশনে মেট্রো বন্ধ

রাজধানীর মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: গাড়িতে আগুন, তিন স্টেশনে মেট্রো বন্ধ

রাজধানীর মিরপুরে বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে রওনা দেয় বলে জানান ডিউটি অফিসার হামিদুর রহমান।

সংঘর্ষ ও উত্তেজনার মুখে দুপুর ১২টার পর থেকে মিরপুর-১০, মিরপুর-১১ এবং পল্লবী স্টেশনে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোরেল পুলিশের অপারেশন বিভাগের পরিদর্শক মো. মহসীন শেখ। একই সঙ্গে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এর আগে সকাল থেকেই বিভিন্ন কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ গোলচত্বরে জড়ো হয়ে পথ অবরোধ করেন। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। ওই এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ট্রাফিক পুলিশ কাজ করছে।