কর্মস্থলে অনুপস্থিতি ও অসদাচরণ: ছয় পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে
অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি, আদেশ অমান্য ও অসদাচরণের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিতি, আদেশ অমান্য ও অসদাচরণের অভিযোগে পুলিশের সাত কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং একজনকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৩১ অক্টোবর এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়া এবং সরকারি কর্ম কমিশনের পরামর্শের পর রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এসব সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের মধ্যে সাবেক ডিআইজি মোহাম্মদ হারুন অর রশীদ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ওই তারিখ থেকেই তাকে চাকরিচ্যুত করা হয়। সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে ২০২৫ সালের ২২ জানুয়ারি এবং সাবেক ডিআইজি মো. আনিসুর রহমানকে ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিনকে ২০১৮ সালের ২৮ মার্চ এবং মো. মনিরুজ্জামান সরকারকে ২০১৯ সালের ১ জুলাই থেকে বরখাস্তের আদেশ দেওয়া হয়। একই ধরনের অভিযোগে নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছানকে ২০২৪ সালের ২৩ অক্টোবর থেকে বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে অসদাচরণের দায়ে দিনাজপুরের সিআইডিতে কর্মরত সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের এপ্রিলে এক পুলিশ কনস্টেবলের স্ত্রীর সঙ্গে তিনি সম্পর্কে জড়ান। এর ফলে বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি তদন্তে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের মতামত নিয়ে ২৫ অক্টোবর তার বাধ্যতামূলক অবসরের বিষয়টি অনুমোদন করেন রাষ্ট্রপতি।