উত্তীর্ণ সব শিক্ষার্থী ভর্তি হলেও বিশ্ববিদ্যালয়ে ফাঁকা থাকবে অর্ধেকের বেশি আসন: শিক্ষামন্ত্রী
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৭ লাখ আসন শূন্য থাকবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও প্রায় ৭ লাখ আসন শূন্য থাকবে। মোট আসনসংখ্যার তুলনায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা অনেক কম হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।
শিক্ষামন্ত্রী জানান, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এবার মোট আসন রয়েছে প্রায় ১৩ লাখ ৪০ হাজার। বিপরীতে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন শিক্ষার্থী। ফলে সবাই ভর্তি হলেও অন্তত ৬ লাখ ৯৩ হাজার ৩১৫টি আসন ফাঁকা থাকবে। এর বাইরে সামগ্রিক ফলাফল ও জিপিএ-৫ অর্জনের হার কমে যাওয়ায় ভর্তির ক্ষেত্রে নতুন সংকট দেখা দিতে পারে। পর্যাপ্ত আসন থাকলেও নির্ধারিত মানদণ্ড পূরণ করতে না পারায় অনেকের উচ্চশিক্ষার পথ সংকুচিত হতে পারে।
ভর্তির যোগ্যতার শর্ত শিথিল করার বিষয়ে মন্ত্রী জানান, এটি সম্পূর্ণ বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব বিষয়। প্রতিষ্ঠানগুলো নিজ নিজ বিবেচনা অনুযায়ী যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করবে। শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় থাকলেও শর্তে কতটা ছাড় দেওয়া হবে, সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নেবে।