ডেইলি বাংলাগ্রাম

চাকরিচ্যুত সাবেক ডিএমপি কর্মকর্তা হারুন

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

চাকরিচ্যুত সাবেক ডিএমপি কর্মকর্তা হারুন

অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন-অর-রশীদকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এই বরখাস্তের আদেশ ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। একই সঙ্গে পুলিশের আরও ছয়জন কর্মকর্তাকে বরখাস্ত এবং একজন সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা হারুন-অর-রশীদ ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগে থাকাকালে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত ছিলেন। বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে যোগাযোগ করা হলেও তিনি দায়িত্বে ফেরেননি। পুলিশ অধিদফতরের সুপারিশে ২০২৬ সালের ১৫ এপ্রিল তার বিরুদ্ধে ০০৫/২০২৫ নম্বরের বিভাগীয় মামলা করা হয়। নোটিশ দেওয়ার পরও তিনি কোনো ব্যাখ্যা দেননি। পরবর্তীতে গত ২২ জুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। ৬ আগস্ট দেওয়া তদন্ত প্রতিবেদনে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে ‘পলায়ন’-এর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এরপর গত ২০ আগস্ট দ্বিতীয় দফায় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি। পরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) কাছে পরামর্শ চাওয়া হলে সংস্থাটি গত ১ অক্টোবর তাকে চাকরিচ্যুত করার পক্ষে মত দেয়। তদন্ত প্রতিবেদন ও পিএসসির মতামত পর্যালোচনার পর গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি এই সিদ্ধান্ত অনুমোদন করেন। এর প্রেক্ষিতেই তাকে চূড়ান্তভাবে চাকরি থেকে বরখাস্ত করা হলো।