ডেইলি বাংলাগ্রাম

তাহসিফ হত্যা মামলা: দীপ ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তাহসিফ হত্যা মামলা: দীপ ৪ দিনের রিমান্ডে

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরি হত্যা মামলায় গ্রেপ্তার আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৩১ অক্টোবর) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। এর আগে শুক্রবার রাতে নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় মামলা করেন। এরপর দীপকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে হাজির করা হয়।

গত ২৭ অক্টোবর মধ্যরাত থেকে তাহসিফ নিখোঁজ ছিলেন। পরদিন ২৮ অক্টোবর বিকেলে উত্তরখানের তুরাগ নদীর রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরবর্তীতে পিবিআই তদন্ত শেষে মধ্যরাতে দীপকে নৌ-পুলিশের কাছে সোপর্দ করে। এ ছাড়া টঙ্গীর মাজার বস্তি থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের সময় দীপ দাবি করেন, পোশাকধারী দুজন ব্যক্তি ধাওয়া দিলে তাহসিফ নদীতে ঝাঁপ দেন। অন্যদিকে ছেলের এমন মৃত্যু মেনে নিতে না পেরে রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন তাহসিফের বাবা।

এদিকে সাবেক সেনা কর্মকর্তার এই মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া ক্লাব। সংগঠনটির সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু নওরোজ খুরশিদ আলম জানান, দেশবাসীর মতো তাঁরাও ঘটনার পেছনের আসল সত্য দ্রুত উদঘাটন চান।