শতভাগ ফেল করা ২৯৩ প্রতিষ্ঠান একীভূত করার ভাবনা, চাকরি থাকবে শিক্ষকদের
সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করা ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাস করার পরিকল্পনা করছে সরকার।
সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমান পরীক্ষায় শতভাগ ফেল করা ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান পার্শ্ববর্তী প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাস করার পরিকল্পনা করছে সরকার। তবে এই প্রক্রিয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের চাকরি হারানোর কোনো আশঙ্কা নেই। শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি উল্লেখ করেন, দেশে প্রয়োজনের তুলনায় বেশি কলেজ প্রতিষ্ঠিত হওয়ায় এগুলো সরাসরি বন্ধ না করে কার্যক্রম পুনর্বিন্যাসের কথা ভাবা হচ্ছে। এছাড়া পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী এক থেকে দুই মাসের মধ্যে নিজ নিজ অকৃতকার্য বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে, যা গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে সর্বোচ্চ ফল জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে কমেছে। গতবার যেখানে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন, এবার তা কমে দাঁড়িয়েছে ৪০ হাজার ৮৪ জনে। ফলে এক বছরের ব্যবধানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২৯ হাজার ১৩ জন। শনিবার বেলা ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়।
বিভিন্ন বোর্ডের ফলাফলে দেখা যায়, সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ১৬ হাজার ৭১৪ জন। কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ ও জিপিএ-৫ ১ হাজার ৩১৩ জন, বরিশালে পাসের হার ৪৪ দশমিক ৮৪ শতাংশ ও জিপিএ-৫ ৯৫০ জন এবং যশোরে পাসের হার ৪৪ দশমিক ৯২ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন। দিনাজপুর বোর্ডে পাসের হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ ও জিপিএ-৫ ২ হাজার ৯৫৩ জন, সিলেটে পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ ও জিপিএ-৫ ১ হাজার ২০৪ জন, রাজশাহীতে পাসের হার ৪৫ দশমিক ০৬ শতাংশ ও জিপিএ-৫ ৪ হাজার ৫২০ জন, ময়মনসিংহে পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ ও জিপিএ-৫ ২ হাজার ১৩৭ জন এবং চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫২ দশমিক ০৭ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২১ জন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ ও জিপিএ-৫ ৩ হাজার ২৫০ জন এবং কারিগরি বোর্ডে পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছেন ৮৮৬ জন শিক্ষার্থী।