তাহসিফের মৃত্যু: এখনই মামলা করতে চায় না পরিবার, বন্ধুর তথ্যে গরমিল
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় এখনই কোনো মামলা করছে না তার পরিবার।
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর ঘটনায় এখনই কোনো মামলা করছে না তার পরিবার। তাহসিফের বাবা একেএম এনায়েতুল করিম জানান, মামলা করলে আদালতে দৌড়াদৌড়িসহ নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। তবে সরকারের বিভিন্ন তদন্তকারী সংস্থার ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তিনি বিশ্বাস করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্তরিকভাবে প্রকৃত রহস্য উদঘাটন করবে। পরিবারের সদস্যদের সঙ্গে পরামর্শ করে মামলার বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের কথায় অসংগতি পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিখোঁজ হওয়ার রাতে দীপ তাহসিফের সঙ্গেই ছিলেন। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তরের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান জানান, দীপ তাদের হেফাজতে রয়েছেন এবং নানা এলোমেলো তথ্য দিচ্ছেন। তার সব কথা তদন্তকারীরা বিশ্বাস করছেন না। ফলে প্রকৃত সত্য জানতে প্রতিটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
ছেলের সঙ্গে দীপের সম্পর্ক নিয়ে তাহসিফের বাবা বলেন, তাহসিফের চাকরির পাশাপাশি একটি সিকিউরিটি গার্ড সরবরাহের ব্যবসা ছিল। পড়াশোনার ফাঁকে দীপ সেই ব্যবসা দেখাশোনা করতেন। তাদের মধ্যে দীর্ঘদিনের ভালো যোগাযোগ ছিল এবং দীপ নিয়মিত তাদের বাসায় যাতায়াত করতেন। একবার দীপের বাবা-মা ও ছোট ভাইও তাদের বাসায় এসে একসঙ্গে খাবার খেয়েছিলেন।