টঙ্গীতে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের: পিবিআই
টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮)।
টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮)। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদর দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে তুরাগ নদ থেকে আনুমানিক ৫০ গজ দূর থেকে যানটি উদ্ধার করা হয়। এই মৃত্যুর ঘটনায় নৌ পুলিশ মামলা তদন্ত করছে। গুরুত্বপূর্ণ এই ঘটনায় পিবিআই ছায়া তদন্ত চালিয়ে নৌ পুলিশকে সহায়তা দিচ্ছে এবং সংগৃহীত তথ্য তাদের কাছে হস্তান্তর করবে।
এর আগে গত মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। পরদিন বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানের তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। উদ্ধারকালে তাঁর পরনে সাদা পায়জামা ও কালো জামা ছিল। তাঁর হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। সেই ফোনের মাধ্যমেই তাঁর পরিচয় নিশ্চিত করা হয়েছিল।
তাহসিফের বাবার তথ্য অনুযায়ী, নিখোঁজ হওয়ার দিন ২৭ অক্টোবর পরিবারের জন্য কেনাকাটা করেছিলেন তাহসিফ। সন্ধ্যার পর দ্বীপ নামের এক জুনিয়রের ডাকে বাসা থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। এদিকে তাহসিফের মৃত্যুর আগের একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। সেখানে দেখা যায়, বন্ধু দ্বীপের সঙ্গে তাহসিফ হাত মেলাচ্ছেন। এরপর দুজন আলাদা মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বের হয়ে যান।