ডেইলি বাংলাগ্রাম

তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

তাহসিফের পরিবার মামলা না করলে বাদী হবে পুলিশ

তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় পরিবার মামলা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন নৌ পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম। তিনি জানান, স্বজনদের পক্ষ থেকে মামলার বিষয়টি এখনো প্রক্রিয়াধীন রয়েছে। তবে তারা এগিয়ে না এলে পুলিশ নিজেই এই পদক্ষেপ নেবে।

এদিকে শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বাহনটি তাহসিফের কি না, তা যাচাই করে দেখছে পিবিআই সদর দপ্তর। গত মঙ্গলবার রাত থেকে তাহসিফ নিখোঁজ ছিলেন। পরদিন বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ৯৯৯ নম্বরের তথ্যের ভিত্তিতে উত্তরখানের তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের কাছে পাওয়া আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করে নৌ পুলিশ।

নিহতের বাবার ভাষ্যমতে, গত ২৭ অক্টোবর পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পর দ্বীপ নামের এক তরুণের ডাকে তাহসিফ বাসা থেকে বের হন। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজেও মৃত্যুর আগের মুহূর্তের চিত্র দেখা গেছে। সেখানে তাহসিফকে দ্বীপের সঙ্গে হাত মেলাতে এবং পৃথক দুটি মোটরসাইকেলে করে এলাকা ছাড়তে দেখা যায়।