ডেইলি বাংলাগ্রাম

আইনি বাধা কাটল: জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরিতে ফিরছেন শরীফ উদ্দিন

সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে ফেরার সুযোগ পাচ্ছেন সংস্থাটির সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন।

আইনি বাধা কাটল: জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরিতে ফিরছেন শরীফ উদ্দিন

সাড়ে চার বছর পর দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিতে ফেরার সুযোগ পাচ্ছেন সংস্থাটির সাবেক উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন। জ্যেষ্ঠতা ও বকেয়া সব সুযোগ-সুবিধাসহ তাকে চাকরিতে পুনর্বহালের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রয়েছে। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন আপিল বিভাগের চেম্বার আদালত প্রত্যাহার করায় তার চাকরিতে ফিরতে আর বাধা নেই। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শরীফ উদ্দিনের জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দীন দোলন এই তথ্য নিশ্চিত করেছেন।

২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুদকের পটুয়াখালী কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় শরীফ উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়। এর আগে চট্টগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনের সময় তিনি সরকারি প্রকল্পের জমি অধিগ্রহণের অনিয়ম তদন্ত করে প্রভাবশালীদের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছিলেন। ওই ঘটনায় প্রাণনাশের হুমকি পেয়ে তিনি থানায় জিডিও করেন। চাকরিচ্যুতির বিরুদ্ধে ওই বছরের ১৩ মার্চ তিনি হাইকোর্টে রিট করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে গত বছরের ৯ জুলাই হাইকোর্ট তার অপসারণের আদেশ অবৈধ ঘোষণা করে সব সুবিধাসহ চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদক লিভ টু আপিল করলেও পরে তা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গত ১৫ অক্টোবর চেম্বার আদালত আবেদনটি না চালানোর কারণে খারিজ করে দেন। শরীফ উদ্দিনকে অপসারণের সময় ২০০৮ সালের কর্মচারী বিধিমালার ৫৪(২) বিধি ব্যবহার করা হয়েছিল, যাতে কারণ দর্শানো ছাড়াই বরখাস্তের সুযোগ ছিল। পরবর্তীতে আপিল বিভাগ এই বিধি ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা এবং ১২ দফা নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন।