ডেইলি বাংলাগ্রাম

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ জামায়াতের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ধরনের অনিয়ম ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ জামায়াতের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বড় ধরনের অনিয়ম ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র থেকে তাঁদের পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া হয়েছিল।

ব্রিফিংয়ে গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, অফিসিয়াল ব্যাজ ছাড়া দায়িত্ব পালন করা পোলিং ও প্রিসাইডিং কর্মকর্তারা মূলত বিএনপির দলীয় লোক ছিলেন। ইচ্ছামতো ব্যালটে সিল মারার সুযোগ করে দিতেই এমনটি করা হয়েছে। ভোট গ্রহণ কর্মকর্তাদের কৌশলে ব্যবহার করে ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার অপচেষ্টা চালানো হয়। ব্যালট পেপারে আগে থেকেই সই ও সিল মেরে নির্বাচনী বিধিমালার লঙ্ঘন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জামায়াত সেক্রেটারি আরও বলেন, ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট আগেই সম্পন্ন হওয়ার ঘটনা গণমাধ্যমে উঠে এসেছে। এই আসনে প্রায় ৫ লাখ ভোটার রয়েছেন। প্রত্যন্ত অঞ্চলগুলোতে সংবাদমাধ্যম বা যানবাহন পৌঁছাতে না পারায় সেখানে আরও কী ধরনের অনিয়ম হয়েছে, তা পুরো জানা যায়নি। মূলত নির্দিষ্ট উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যেই পরিচয়পত্র ও ছবি ছাড়া কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল বলে তিনি জানান।