ডেইলি বাংলাগ্রাম

এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এলপি গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে প্রত্যাহারের দাবি ছাত্রশিবিরের

ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের এই পদক্ষেপকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে সংগঠনটি। সোমবার (২ নভেম্বর) রাতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, চাল, ডাল ও তেলসহ নিত্যপণ্যের চড়া দামের কারণে সাধারণ মানুষ এমনিতেই দিশেহারা। এমন পরিস্থিতিতে রান্নার গ্যাসের দাম বাড়ানো জনবান্ধব কাজ হতে পারে না। তারা উল্লেখ করেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর আট মাসে পাঁচবার এলপিজির দাম বাড়াল। এর আগে এপ্রিল মাসে দুই দফায় যথাক্রমে ৩৮৭ ও ২১২ টাকা, আগস্টে ৭০ টাকা এবং অক্টোবরে ২৫২ টাকা দাম বাড়ানো হয়েছিল। সোমবার সর্বশেষ ২২৩ টাকা বৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি করা হয়েছে।

শিবির নেতারা আরও বলেন, সাধারণ মানুষের আয় না বাড়লেও জীবনযাত্রার খরচ ক্রমাগত বাড়ছে। এই সিদ্ধান্তের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার, শিক্ষার্থী, ভাড়াটিয়া এবং সীমিত আয়ের মানুষেরা সরাসরি ক্ষতির মুখে পড়বেন। পাশাপাশি খুচরা বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশিতে গ্যাস বিক্রি হওয়ায় ভোক্তাদের বাড়তি খরচ দিতে হচ্ছে। এর প্রভাবে হোটেল-রেস্তোরাঁ ও ক্ষুদ্র ব্যবসার পরিচালন ব্যয় বাড়বে, যা সার্বিক বাজারকে প্রভাবিত করবে। তাই অতিরিক্ত ব্যয়ের বোঝা না চাপিয়ে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান তারা।