জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিভ্রাটের কারণ খুঁজতে পিজিসিবির তদন্ত কমিটি
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিভ্রাটের কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে তা প্রতিরোধে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)।
জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিভ্রাটের কারণ উদ্ঘাটন এবং ভবিষ্যতে তা প্রতিরোধে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)। প্রধান প্রকৌশলী এবাদুল্লাহ হায়দার আলীকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
এর আগে মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। এর প্রভাবে রাজধানীর গুলশান, রামপুরা, মতিঝিল, সিদ্ধিরগঞ্জ, হরিপুর, উলন ও ভুলতাসহ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। একই সময়ে চট্টগ্রামের কিছু অংশেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
পরিস্থিতি সামাল দিতে ন্যাশনাল লোড ডেসপ্যাচ সেন্টারের তত্ত্বাবধানে প্রকৌশলীরা দ্রুত গ্রিড পুনরুদ্ধারের কাজ শুরু করেন। দুপুর আড়াইটার মধ্যে জাতীয় গ্রিড লাইন এবং উপকেন্দ্রগুলো পুরোপুরি চালু করা হয়। বিদ্যুৎকেন্দ্রগুলো ধাপে ধাপে উৎপাদনে ফিরলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে পিজিসিবি। সাময়িক এই ভোগান্তির জন্য সংস্থাটি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।