ডেইলি বাংলাগ্রাম

রাজধানীতে আমার দেশ প্রেসের সামনে ককটেল হামলা, আহত ২

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে 'আমার দেশ' পত্রিকার ছাপাখানার সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করেছে।

রাজধানীতে আমার দেশ প্রেসের সামনে ককটেল হামলা, আহত ২

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে 'আমার দেশ' পত্রিকার ছাপাখানার সামনে দুর্বৃত্তরা দুটি ককটেল নিক্ষেপ করেছে। রোববার রাত পৌনে ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে প্রেসের নিরাপত্তাকর্মী আকতার হোসেন এবং এক পানের দোকানি রিনা খানম আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ১০টা ৪৬ মিনিটের দিকে মোটরসাইকেলে চড়ে আসা দুই ব্যক্তি প্রেসের সামনে ককটেল দুটি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এর মধ্যে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয় এবং লাল টেপ মোড়ানো অপরটি অবিস্ফোরিত থেকে যায়। হঠাৎ বিস্ফোরণে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানা-পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে তারা কাউকে আটক করতে পারেনি।

আমার দেশ-এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. শহিদুর রহমান জানান, ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন এবং এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের টহল দল ঘটনাস্থলে গেছে। ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।