ডেইলি বাংলাগ্রাম

ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনতাই: বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজত থেকে ছাত্রলীগ নেতাকে ছিনতাই: বিএনপি নেতাসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি নেতাসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সরিষা ও আশ্রবপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁদের আটক করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সরিষা ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ মিলন (৫০) এবং নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন মণ্ডল (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে সরিষা ডেকুয়ারচর দাখিল মাদ্রাসা মাঠে একটি ফুটবল ম্যাচ দেখতে যান নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা যুগ্ম সম্পাদক রিয়াজুল আলম ওরফে শাহীন। সেখান থেকে তাঁকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে থানায় নেওয়ার পথে সরিষা ইউনিয়ন পরিষদ ভবনের কাছে একদল লোক পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের তিন সদস্য আহত হন এবং তাঁদের বহনকারী অটোরিকশাটি ভাঙচুর করে শাহীনকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় পরদিন ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলা করেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, সরকারি কাজে বাধা দেওয়া, পুলিশের ওপর আক্রমণ, গাড়ি ভাঙচুর এবং আসামি ছিনতাইয়ের মামলায় নূর মোহাম্মদ ও নয়ন মণ্ডলকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এর আগে এ ঘটনায় জড়িত সন্দেহে মো. ওয়াসীম মিয়া ও মো. এমদাদুল হক নামের আরও দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।