একনেক সভা স্থগিত: আটকে গেল ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠকটি বাতিল করা হয়েছে। এর ফলে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে রোববার (২৫ অক্টোবর) সকালে এই বৈঠকটি হওয়ার কথা ছিল। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব করার কথা ছিল। সরকারি নথিতে ‘অনিবার্য কারণ’ বলা হলেও পরিকল্পনা কমিশন জানিয়েছে, আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর জাপান যাত্রা রয়েছে। যাত্রার পূর্বে জরুরি সরকারি কাজ সম্পন্ন করা এবং নির্দিষ্ট সময়ে বৈঠক শেষ করা কঠিন হওয়ায় আগের রাতেই এটি স্থগিতের সিদ্ধান্ত হয়।
অনুমোদনের জন্য প্রস্তুত থাকা প্রকল্পগুলোর মধ্যে তিতাস গ্যাসক্ষেত্রের তিতাস-৩২ ও তিতাস-৩৩ কূপ খনন অন্যতম। এ ছাড়া তালিকায় নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন এবং ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ প্রকল্প ছিল। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলের নিরাপদ পানি ও স্যানিটেশন ব্যবস্থা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সড়ক ও নর্দমা সংস্কার, পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপন এবং পুলিশের জন্য যানবাহন কেনার দুটি প্রস্তাবও এই বৈঠকে ওঠার কথা ছিল।