২৯ অক্টোবর প্রকাশিত হবে এইচএসসি ও সমমানের ফল
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশ করা হবে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার প্রকাশ করা হবে। শনিবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের ফল প্রকাশের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় বিস্তারিত তথ্য আগামী ২৬ অক্টোবর সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানানো হবে।
এর আগে ফল প্রকাশের দিনক্ষণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভুয়া বিজ্ঞপ্তি ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর সেটিকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে জানায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। একই সাথে মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর অফিশিয়াল ওয়েবসাইট এবং ভেরিফায়েড ফেসবুক পেজ ছাড়া সামাজিক মাধ্যমের কোনো গুজবে বিশ্বাস না করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।