ডেইলি বাংলাগ্রাম

সুষ্ঠু পরিবেশ পেলে স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পরিবেশ ও পরিস্থিতির ওপর ভিত্তি করে দল স্থানীয় নির্বাচনে অংশ নেবে।

সুষ্ঠু পরিবেশ পেলে স্থানীয় নির্বাচনে অংশ নেবে জামায়াত: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পরিবেশ ও পরিস্থিতির ওপর ভিত্তি করে দল স্থানীয় নির্বাচনে অংশ নেবে। শনিবার (২৪ অক্টোবর) সকালে মৌলভীবাজারের সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। তিনি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের নিরপেক্ষতা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার তাগিদ দেন। তিনি স্পষ্ট করেন, স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত কোনো জোটভুক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে না।

নির্বাচন কমিশন ও পাবলিক সার্ভিস কমিশনে দলীয়করণের বিষয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, চব্বিশের আন্দোলনের লক্ষ্য ছিল মেধাভিত্তিক কর্মসংস্থান, অথচ পিএসসির অভিজ্ঞ সদস্যদের চাপ দিয়ে পদত্যাগে বাধ্য করা হচ্ছে। দলীয় প্রার্থীর পক্ষে চিফ হুইপের হুমকিকে তিনি অন্যায় চাপ হিসেবে উল্লেখ করেন। এ ছাড়া নিজের দলের তিনবারের এক সংসদ সদস্যকে ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারের কথা মনে করিয়ে দিয়ে তিনি তাকে গ্রেপ্তারের দাবি জানান। সৌদি আরবে সাত হাজারের বেশি বাংলাদেশি নাগরিকের কারাবাসের ঘটনাকে তিনি সরকারের বড় কূটনৈতিক ব্যর্থতা বলে আখ্যা দেন।

ডা. শফিকুর রহমান জানান, সংসদে তাদের ৯০ জন সদস্য ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখবেন। কারও ওপর প্রতিশোধ না নিয়ে ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা দেওয়ার কথা তুলে ধরে তিনি গণমাধ্যমে প্রচারিত ভুল তথ্যের প্রতিবাদ জানান। মৌলভীবাজার জেলা আমীর প্রকৌশলী শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামির আলীর সঞ্চালনায় সভায় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে জামায়াত আমীর জেলা শিল্পকলা একাডেমির কর্মী সম্মেলনে যোগ দেন।