ডেইলি বাংলাগ্রাম

সংবিধান না মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না: রিজভী

নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও সংবিধান না মেনে জুলাই জাতীয় সনদ কার্যকরের দাবি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবিধান না মেনে জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না: রিজভী

নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ও সংবিধান না মেনে জুলাই জাতীয় সনদ কার্যকরের দাবি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা উপেক্ষা করে এটি বাস্তবায়নের চেষ্টা গায়ের জোর খাটানোর মতো। সনদের বিভিন্ন বিষয়ে বিএনপিসহ একাধিক দলের আপত্তি রয়েছে। শনিবার দুপুরে রাজধানীর মান্ডার হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। মুগদা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠন অবিভক্ত সবুজবাগ থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত শামসুল হুদার স্মরণে এ সভার আয়োজন করে।

জ্বালানি পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে রিজভী জানান, বিশ্বব্যাপী সংকটের প্রভাব দেশের ওপর পড়েছে। তবে বিরোধী দল এর দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমান বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির জোর চেষ্টা চালাচ্ছেন। এর ফলে রাজধানীর বিদ্যুৎ পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এ ছাড়া হতদরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যা দারিদ্র্য অন্তত ৫ শতাংশ কমাবে। দেশে কর্মসংস্থান বাড়াতে টয়োটার কারখানা স্থাপনসহ জাপান ও চীনের সঙ্গে চুক্তি সফল করার উদ্যোগ চলছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রয়াত শামসুল হুদাকে স্মরণ করে রিজভী বলেন, তিনি চার দশকের এক বিনয়ী ও নীতিবান রাজনীতিক ছিলেন। ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন সাবেক ছাত্রদল নেতা ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ ইউনুস মৃধা, যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন এবং মুগদা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেনসহ স্থানীয় নেতারা।