সময় থাকতে সতর্ক না হলে বিপদে পড়বেন প্রধানমন্ত্রী: অলি আহমদ
প্রধানমন্ত্রীকে সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।
প্রধানমন্ত্রীকে সময় থাকতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। অন্যথায় তিনি বিপদে পড়বেন বলে সতর্ক করেন। শনিবার সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন। ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া অভিমুখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে অলি আহমদ অভিযোগ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর জেলা পরিষদ, ওয়াসা, বিভিন্ন করপোরেশন ও পৌরসভাগুলো কার্যত বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে। এসব প্রতিষ্ঠান থেকে তারা সরকারি দরপত্র নিয়ন্ত্রণ করছে। এ ছাড়া বিভিন্ন স্থানে খালি জায়গা দখল এবং নানা বিষয়ে অযাচিত হস্তক্ষেপের অভিযোগও আনেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন, দিন শেষে সব অনিয়মের দায় প্রধানমন্ত্রীর কাঁধেই চাপবে। বর্তমান সঙ্গীরা সময়মতো সটকে পড়বে এবং কোনো দায় স্বীকার করবে না। এ কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই প্রধানমন্ত্রীকে সঠিক পথে চলার অনুরোধ জানান তিনি।