শাহজালাল (রহ.) মাজারে পঞ্চমবারের মতো ডেগ ও দানবাক্স খুলে টাকা গণনা শুরু
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের সিলগালা করা ডেগ ও নতুন দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হয়েছে।
সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের সিলগালা করা ডেগ ও নতুন দানবাক্স পঞ্চমবারের মতো খোলা হয়েছে। শনিবার সকালে মাজার প্রাঙ্গণে এসব দানবাক্সের টাকা গণনার কাজ শুরু হয়। এ সময় সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, প্রশাসনের শীর্ষ কর্মকর্তা এবং মাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জানান, আপাতত মাসে একবার এই টাকা গোনা হচ্ছে। দ্রুতই একজন ব্যবস্থাপক ও একজন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। তখন প্রতিদিনের টাকা প্রতিদিনই গণনা করা যাবে। এর আগে চতুর্থ দফায় দানবাক্সগুলো থেকে মোট ৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই সঙ্গে বেশ কিছু স্বর্ণালংকার ও বিদেশি মুদ্রাও পাওয়া যায়।
মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে গত ২৩ সেপ্টেম্বর একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সিদ্ধান্ত হয়, মোট টাকার ৩৫ শতাংশ মাজারের উন্নয়নে এবং অবশিষ্ট ৬৫ শতাংশ অন্যান্য প্রয়োজনে ব্যয় করা হবে। এর আগে চলতি বছরের ২২ জুন, ১১ জুলাই, ১৫ আগস্ট ও ১৯ সেপ্টেম্বর একইভাবে টাকা গোনা হয়েছিল। সংগৃহীত সব অর্থ জেলা প্রশাসনের পরিচালনায় একটি নতুন ব্যাংক হিসাবে জমা রাখা হচ্ছে।