ডেইলি বাংলাগ্রাম

রিকশাচালক হত্যা মামলা: রিমান্ড শেষে দীপু মনি কারাগারে

রাজধানীর বাড্ডায় রিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে কারাগারে পাঠানো হয়েছে।

রিকশাচালক হত্যা মামলা: রিমান্ড শেষে দীপু মনি কারাগারে

রাজধানীর বাড্ডায় রিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে কারাগারে পাঠানো হয়েছে। দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন। এদিন তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক তাঁকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন জানান।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের নির্দেশে জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার দীপু মনিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় শুক্রবার তাঁকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড্ডার প্রগতি সরণিতে গুলিবিদ্ধ হয়ে মারা যান অটোরিকশাচালক হাফিজুল শিকদার। এই ঘটনায় ওই বছরের ২১ আগস্ট তাঁর বাবা মো. আবুবকর শিকদার বাদী হয়ে বাড্ডা থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়।