শ্রীপুরে যুবলীগের মিছিল থেকে আটজনকে ধরে পুলিশে হস্তান্তর
গাজীপুরের শ্রীপুরে মিছিল বের করার সময় যুবলীগের আটজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
গাজীপুরের শ্রীপুরে মিছিল বের করার সময় যুবলীগের আটজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর শ্রীপুর থানা ও মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে থানা ফটকের কাছাকাছি এলাকা থেকে যুবলীগের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে মিছিলকারীরা মধ্যবাজারের দিকে চলে যান। পরে সেখান থেকে আটজনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন আতিকুর রহমান, আরিফুল ইসলাম, জুনাইদ মিয়া ও মোমেন। বাকি চারজনের নাম জানা যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম আটজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিছিলটি থানা ফটকের সামনে নয়, মধ্যবাজার এলাকায় হয়েছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং নিষিদ্ধ সংগঠনের যেকোনো তৎপরতা বন্ধে পুলিশ সতর্ক রয়েছে।