হেফাজতে ইসলামের ছায়াতলে সাত দলের রাজনৈতিক ঐক্য অসম্ভব: মুফতি মনির কাসেমী
হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমি ঘরানার সাতটি রাজনৈতিক দলের একত্র হওয়ার উদ্যোগ কোনোভাবেই বাস্তবসম্মত নয় বলে দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী।
হেফাজতে ইসলামের তত্ত্বাবধানে কওমি ঘরানার সাতটি রাজনৈতিক দলের একত্র হওয়ার উদ্যোগ কোনোভাবেই বাস্তবসম্মত নয় বলে দাবি করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী। তিনি জানান, হেফাজত মূলত একটি অরাজনৈতিক মঞ্চ। তাই এই সংগঠনকে রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করা একটি ভুল পদক্ষেপ এবং সংগঠনের মূল নীতির পরিপন্থি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। তাঁর মতে, কোনো অলৌকিক ঘটনা ছাড়া এই রাজনৈতিক মিলন সম্ভব নয়। তিনি উল্লেখ করেন, রাজনীতিতে যুক্ত নন এমন কিছু হেফাজত নেতা হয়তো সরল বিশ্বাস বা অনভিজ্ঞতার কারণে এই চেষ্টা চালাচ্ছেন। তবে বর্তমান প্রেক্ষাপটে এটি একেবারেই অপ্রয়োজনীয় এবং সংগঠনের মৌলিক বৈশিষ্ট্যের সঙ্গে বেমানান।
মুফতি মনির হোসাইন আরও বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে যোগাযোগ বা ঐক্য গড়ে তুলতেই পারে। কিন্তু সেখানে হেফাজতের নাম ব্যবহার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অরাজনৈতিক এই সংগঠনকে রাজনীতির সঙ্গে জড়ালে ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে। এছাড়া সারা দেশের সাধারণ কর্মী ও সমর্থকেরা এমন সিদ্ধান্ত কখনোই ইতিবাচকভাবে গ্রহণ করবেন না।