সৌদিতে হুতিদের ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানাল বাংলাদেশ
সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। দাম্মাম বিমানবন্দরসহ কয়েকটি স্থানে চালানো এসব হামলায় হতাহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। ঘটনার শিকার পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৌদি সরকারের সঙ্গে সংহতি প্রকাশ করেছে ঢাকা। একই সঙ্গে সব ধরনের সহিংসতা বন্ধ করে কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সৌদির চারটি অঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া ১১টি ড্রোন ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করে সৌদি সামরিক জোট। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানান, রিয়াদ, মদিনা, পূর্বাঞ্চলীয় প্রদেশ এবং নাজরানের আকাশে প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে এসব প্রতিহত করা হয়। এর আগের দিন বুধবারও সাতটি ড্রোন ভূপাতিত করা হয়েছিল। তবে পূর্বাঞ্চলে আরামকোর তেল স্থাপনা ও দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় চারজন নিহত হন।
চলতি বছরের জুলাই মাস থেকে হুতি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যকার উত্তেজনা নতুন করে বাড়ছে। ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানাসহ বিভিন্ন এলাকা দখল করে নেয়। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে ২০১৫ সালের মার্চ মাস থেকে হুতিদের বিরুদ্ধে নিয়মিত সামরিক অভিযান পরিচালনা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।