ডেইলি বাংলাগ্রাম

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আলমগীর হোসেন (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আলমগীর হোসেন (৫২) নামের এক নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ভাটারা থানার পুলিশ জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের ৮/এ নম্বর সড়কের একটি টিনের ছাপরা ঘরে থাকতেন আলমগীর। বৃহস্পতিবার রাত পৌনে আটটার দিকে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে ঘরের চৌকি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর ঠোঁটের বাঁ পাশে রক্তাক্ত ক্ষত, গলায় আঙুলের দাগ এবং ডান পায়ের হাঁটুর নিচে আঘাত পাওয়া গেছে। পুলিশের ধারণা, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।

আলমগীর ওই এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। তাঁর বাড়ি নাটোরের বাগাতিপাড়া থানার সাইলকোনা গ্রামে। তাঁর বাবার নাম মৃত কলিম উদ্দিন প্রামাণিক।