ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে
ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।
ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার একটি বিশেষ বিমানে তারা ঢাকায় এসে পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ৬ জন রয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের তত্ত্বাবধানে এই বিশেষ ফ্লাইটটি পরিচালিত হয়। ঢাকার ইতালি দূতাবাস এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। এতে জানানো হয়, ইউরোপে অবৈধ প্রবেশ ও বসবাসের ক্ষেত্রে কঠোর ‘শূন্য সহনশীলতা’ নীতি কার্যকর রয়েছে। পাশাপাশি নিরাপদ ও নিয়মতান্ত্রিক বৈধ অভিবাসনের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।
দূতাবাস আরও সতর্ক করে জানিয়েছে, বৈধ ভিসা ছাড়া বিদেশে যাওয়ার জন্য দালাল বা মানব পাচারকারীদের অর্থ দেওয়া দণ্ডনীয় অপরাধ। এমন প্রক্রিয়ার ফলে ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। একই সঙ্গে শেনজেন অঞ্চলে প্রবেশের ওপর নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকিও থাকে।