আখচাষিদের প্রণোদনা তালিকায় এমপি আবু সাঈদ চাঁদের নাম, চলছে আলোচনা
রাজশাহীতে আখচাষিদের জন্য বরাদ্দ সরকারি প্রণোদনা পাওয়ার তালিকায় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম এসেছে।
রাজশাহীতে আখচাষিদের জন্য বরাদ্দ সরকারি প্রণোদনা পাওয়ার তালিকায় সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের নাম এসেছে। তিনি রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক। গত মঙ্গলবার বিকেলে হাজী মুহাম্মদ মহসীন উচ্চ বিদ্যালয় মাঠে এই অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহী অঞ্চলের ১৫টি সুগার মিল জোনের ৩৮ হাজার ৯৭০ জন চাষির জন্য মোট ১২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। সহায়তা পাওয়া প্রথম ১৫ জনের তালিকায় রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের এই সংসদ সদস্যের নাম থাকায় আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে আবু সাঈদ চাঁদ জানান, তিনি বংশপরম্পরায় কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং একজন নিবন্ধিত আখচাষি। রাজশাহী সুগার মিলে তিনি নিয়মিত বিপুল পরিমাণ আখ সরবরাহ করে আসছেন। সুগার মিল কর্তৃপক্ষের কাছে এই সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র রয়েছে। একজন কৃষক হিসেবেই তিনি অন্য চাষিদের মতো প্রধানমন্ত্রীর হাত থেকে সহায়তার চেক নিয়েছেন বলে উল্লেখ করেন।
এদিকে একজন সচ্ছল জনপ্রতিনিধির সরকারি প্রণোদনা নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ তার কৃষক পরিচয়ের পক্ষে অবস্থান নিয়েছেন। আবার অনেকে মন্তব্য করেছেন, সংসদ সদস্য হিসেবে নৈতিকতার খাতিরে তার এই সহায়তা নেওয়া ঠিক হয়নি। তাদের মতে, এই অর্থ কোনো অসচ্ছল চাষির পাওয়া বেশি জরুরি ছিল।