৩১ অক্টোবর ১১ দলের লংমার্চ: নাওডোবায় পথসভার স্থান পরিদর্শনে জামায়াত নেতারা
জুলাই গণহত্যার বিচারসহ নানা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য।
জুলাই গণহত্যার বিচারসহ নানা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের ডাক দিয়েছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচি সফল করতে লংমার্চের প্রথম পথসভার স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা। ঢাকা থেকে যাত্রা শুরু করে শরীয়তপুরের নাওডোবা এলাকায় প্রথম এই সমাবেশটি অনুষ্ঠিত হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন। এছাড়া ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দীন, শরীয়তপুর জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমী, মাদারীপুর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিকসহ অন্য নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তারা জানান, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ এবং নাওডোবার প্রথম পথসভা সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটবে বলেও তারা আশা প্রকাশ করেন।