ইরানের সঙ্গে শিব সীমান্ত পথ বন্ধ করল ইরাক
ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ‘শিব’ সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে ইরাক।
ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ‘শিব’ সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে ইরাক। নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এবং নিষিদ্ধ পণ্যের চোরাচালান রুখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার এক ইরাকি সীমান্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ক্রসিং দিয়ে সাধারণ যাত্রী, যানবাহন এবং বাণিজ্যিক ট্রাক চলাচল স্থগিত থাকবে।
ইরাকি সীমান্ত কর্মকর্তাদের মতে, শিব ক্রসিংয়ের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা বেশ দুর্বল ও অপ্রতুল। চোরাচালান ঠেকাতে সেখানে আধুনিক শনাক্তকরণ যন্ত্রপাতি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত সীমান্তটি বন্ধ রাখা হবে।
এর আগে গত সেপ্টেম্বরে ইরানের সঙ্গে ‘শালামচেহ’ সীমান্ত ক্রসিংটিও বন্ধের নির্দেশ দিয়েছিল ইরাক। সে সময় সৌদি আরবে ড্রোন হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ওই ব্যবস্থা নেওয়া হয়েছিল। তবে রিয়াদের দাবি ছিল, সেই হামলার ড্রোনগুলো ইরাক থেকেই উৎক্ষেপণ করা হয়েছিল।