ইউক্রেনজুড়ে রাশিয়ার তীব্র হামলায় চারজন নিহত
ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।
ইউক্রেনজুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। দেশটির রাজধানী কিয়েভের একটি ২৪ তলা ভবনে ড্রোন আঘাত হানলে দুইজন মারা যান। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে বসতবাড়ি ধ্বংস হয়ে ৮১ ও ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। জরুরি পরিষেবা কর্মীরা ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।
যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের রাশিয়া সফরের দিনেই এই হামলাগুলো চালানো হলো। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বুধবার সেন্ট পিটার্সবার্গে পৌঁছান। এর আগে মঙ্গলবার নরওয়েতে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা শেষ করেন। প্রায় পাঁচ বছর ধরে চলা এই যুদ্ধের কৌশল নিয়ে সাম্প্রতিক উত্তেজনার মাঝে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বৈঠকটিকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন।
মঙ্গলবার রাত থেকেই ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র, রেলপথ, বিপণিবিতান এবং আবাসিক এলাকায় লাগাতার হামলা চালাচ্ছে রুশ বাহিনী। ক্রেমেনচুক শহরের একটি বিশ্ববিদ্যালয় ভবন এবং ভলিন, ওদেসা ও মাইকোলাইভের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন হামলা হয়। ব্যাপক আক্রমণের মুখে রাজধানী কিয়েভের বড় একটি অংশে জরুরি বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয়েছে।