ডেইলি বাংলাগ্রাম

৯ বছর পর চালু ওসমানী উদ্যান, ঢুকতে লাগছে ১০ টাকার টিকিট

দীর্ঘ নয় বছর উন্নয়নকাজের জন্য বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর ওসমানী উদ্যান।

৯ বছর পর চালু ওসমানী উদ্যান, ঢুকতে লাগছে ১০ টাকার টিকিট

দীর্ঘ নয় বছর উন্নয়নকাজের জন্য বন্ধ থাকার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে রাজধানীর ওসমানী উদ্যান। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যানটির উদ্বোধন করেন এবং মঙ্গলবার সকাল থেকে এটি উন্মুক্ত করা হয়। তবে এবার উদ্যানে প্রবেশের ক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন জনপ্রতি ১০ টাকা ফি নির্ধারণ করেছে। আগে বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকলেও দীর্ঘ সময় পর চালু হওয়া পার্কে নতুন করে ফি ধার্য করায় দর্শনার্থীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

গুলিস্তানে নগর ভবন ও সচিবালয়ের মাঝে অবস্থিত ২১ দশমিক ৮৫ একর আয়তনের এই উদ্যানটিকে ঢাকার ফুসফুস বলা হয়ে থাকে। সরেজমিনে দেখা গেছে, উদ্যানের দুটি জলাশয়ের একটি পুরোপুরি পানিশূন্য এবং অন্যটি কচুরিপানা ও প্লাস্টিকের বর্জ্যে ভরা। এছাড়া ভেতরে এখনও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী পড়ে রয়েছে। সংস্কারকাজের সময় বিপুল গাছ কেটে ফেলায় উদ্যানের সবুজ অংশ অনেকটাই কমে গেছে। পাশাপাশি পার্কের আয়তনের সর্বোচ্চ পাঁচ শতাংশ জায়গায় স্থাপনা নির্মাণের নিয়ম থাকলেও তা মানা হয়নি।

২০১৭ সালে তৎকালীন মেয়রের সময় ১০৮ কোটি টাকা ব্যয়ে এই উন্নয়ন প্রকল্প শুরু হয়ে ২০২০ সালে শেষ হওয়ার কথা ছিল। ঠিকাদার পরিবর্তনসহ নানা জটিলতায় দুই বছরের প্রকল্পটি শেষ হতে নয় বছর সময় লেগে যায়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের আমলে জুলাই শহীদদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ ও দুটি ফটক নির্মাণে আরও ৩৯ কোটি টাকা যুক্ত হয়ে মোট ব্যয় দাঁড়িয়েছে প্রায় ১৪৭ কোটি টাকায়। উদ্যানে জাদুঘর, পাঠাগার ও ব্যায়ামাগারসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হলেও সেগুলো এখনও চালু হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো প্রতিষ্ঠানকে ইজারা না দেওয়া পর্যন্ত উদ্যানটির রক্ষণাবেক্ষণ খরচ তুলতেই টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে।