ডেইলি বাংলাগ্রাম

সৌদি আরবে বাংলাদেশি নারী সুইটির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে বাংলাদেশি তরুণী সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

সৌদি আরবে বাংলাদেশি নারী সুইটির মৃত্যুদণ্ড কার্যকর

মক্কার একটি মসজিদে অনৈতিক কাজের অভিযোগে বাংলাদেশি তরুণী সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। একই ঘটনায় নজরুল ইসলাম নামের আরেক বাংলাদেশির সাজাও কার্যকর করা হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে সম্প্রতি এ তথ্য জানা গেছে। নিহত সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায়। সেখানে তাঁর মৃত্যুর খবর পৌঁছানোর পর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক অভাব মেটাতে এবং ৯ বছর বয়সী মেয়ের ভবিষ্যতের কথা ভেবে ২০২৩ সালের মার্চে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে সৌদি আরবে যান সুইটি। সেখানে যাওয়ার মাত্র ছয় মাসের মাথায় তিনি গ্রেপ্তার হন। কারাগারে থাকা অবস্থায় তিনি মাঝেমধ্যে পরিবারের সঙ্গে কথা বলতেন। তখন তিনি জানিয়েছিলেন, অন্য নারীদের অবৈধভাবে গাড়ি কেনার ঘটনায় তাঁকেও আটক করা হয়েছে। গত ১৩ অক্টোবর সন্ধ্যায় বাবার সঙ্গে তাঁর শেষ কথা হয়। এর দুই দিন পরই পরিবারের কাছে তাঁর মৃত্যুদণ্ডের খবর আসে।

সুইটির বাবা মো. ফজল মিয়া ও মা জহুরা বেগম এখন মেয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার আকুতি জানাচ্ছেন। পাঁচ বোনের মধ্যে সুইটি ছিলেন সবার ছোট। স্বজনদের দাবি, সুইটি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন এবং তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। মির্জাপুর উপজেলা প্রশাসনও সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে।