ডেইলি বাংলাগ্রাম

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ব্যাপক সংস্কার ও প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমনকে সামনে রেখে পুরো নগরজুড়ে জোরেশোরে সংস্কার ও সৌন্দর্যবর্ধন চলছে।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে ব্যাপক সংস্কার ও প্রস্তুতি

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমনকে সামনে রেখে পুরো নগরজুড়ে জোরেশোরে সংস্কার ও সৌন্দর্যবর্ধন চলছে। দায়িত্ব গ্রহণের পর রাজশাহীতে এটিই তাঁর প্রথম সফর। ঘোষিত সফরসূচি অনুসারে, মঙ্গলবার বেলা দেড়টায় তিনি রাজশাহী ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। এরপর বেলা তিনটায় ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভাকে কেন্দ্র করে মাদ্রাসা মাঠে বর্তমানে মঞ্চ নির্মাণ ও মাঠ প্রস্তুতের কাজ চলছে।

শাহ মখদুম বিমানবন্দর থেকে নগরীতে প্রবেশের পথসহ বিভিন্ন সড়কে নতুন করে পিচঢালাই ও রেলিংয়ে রং করা হচ্ছে। একই সঙ্গে দেয়ালে চিত্রকর্ম আঁকা এবং ফুটপাত দখলমুক্ত করার কাজও চলছে পুরোদমে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানসহ স্থানীয় সংসদ সদস্য এবং বিভাগীয় ও জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মাদ্রাসা মাঠের প্রস্তুতি পরিদর্শন করেছেন। এর আগে ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত নগরের দরিখরবোনা মোড় থেকে মালোপাড়া, সরকারি মহিলা কলেজ, বাটার মোড় ও নিউমার্কেট এলাকার অবৈধ ফুটপাত উচ্ছেদ করে সিটি করপোরেশন।

পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য শফিকুল হক মাঠ পরিদর্শন শেষে জানান, প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করবেন এবং উত্তরাঞ্চলের আখচাষিদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিতে পারেন। এ সফরে রাজশাহীর পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তাঁর কাছে তুলে ধরা হবে। এসবের মধ্যে রয়েছে রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, কৃষিভিত্তিক ইপিজেড ও পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নির্মাণকাজ দ্রুত শেষ করা এবং রাজশাহীকে আনুষ্ঠানিকভাবে ‘শিক্ষা নগরী’ ঘোষণা করার দাবি।