দেশের পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা।
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন জাপানি বিনিয়োগকারীরা। রোববার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এই প্রতিশ্রুতি দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, বাংলাদেশে সুন্দরবন, কক্সবাজারের সমুদ্রসৈকত ও সিলেটের চা-বাগানের মতো সমৃদ্ধ পর্যটন সম্ভাবনা রয়েছে। পর্যটন খাতকে এগিয়ে নিতে বিদেশি বিনিয়োগ আহ্বান জানিয়ে তিনি বলেন, জাপান এ দেশের দীর্ঘদিনের বন্ধু। সরকার সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি মডেলে লাভজনকভাবে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।
জাপানি প্রতিনিধিরা জানান, তাঁরা বাংলাদেশের পর্যটনে বিনিয়োগ ও যৌথভাবে কাজ করতে আন্তরিক। এই ঘোষণাকে স্বাগত জানিয়ে মন্ত্রী আশ্বাস দেন, আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়া মাত্রই সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে। এ ছাড়া বিনিয়োগকারীদের জন্য পর্যটনকেন্দ্রগুলো পরিদর্শনের ব্যবস্থা করবে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।