ইনানীর রিসোর্টে আগুনে একই পরিবারের ৬ জনের মৃত্যু, দোতলা থেকে লাফিয়ে বাঁচলেন তিনজন
কক্সবাজারের উখিয়ায় ইনানীর পাটুয়ার টেক সৈকতের কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্য মারা গেছেন।
কক্সবাজারের উখিয়ায় ইনানীর পাটুয়ার টেক সৈকতের কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ছয় সদস্য মারা গেছেন। শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এই ঘটনা থেকে অলৌকিকভাবে বেঁচে ফিরেছেন পরিবারের তিনজন। তারা হলেন ইসমাইল রুহুল মাসুদ (৩৫), তার স্ত্রী মেহেরুন্নেসা মিনা (৩০) এবং তাদের ভাগ্নি জামাই আশিক। দগ্ধ ও আহত মিনাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাসুদ প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শনিবার সকালে পরিবারের সদস্যদের ঢাকায় ফেরার কথা ছিল। সকালের দিকে হঠাৎ পটমট শব্দ শুনে তাদের ঘুম ভাঙে। দরজা খুলতেই করিডোর থেকে আগুনের শিখা ঘরের ভেতর ঢুকে পড়ে। ফলে অন্য কক্ষে থাকা আত্মীয়দের বাঁচানোর কোনো উপায় ছিল না। তখন মাসুদ একটি কাঠের চেয়ারের ভাঙা পায়া দিয়ে জানালার শক্ত কাচ ভাঙেন। এরপর দোতলা থেকে প্রথমে স্ত্রীকে নিচে ফেলে দেন এবং পরে নিজে ও আশিক লাফিয়ে পড়েন। নিচে পড়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাসুদের কোমর জখম হয় এবং কাচ লেগে স্ত্রীর পা কেটে প্রচুর রক্তক্ষরণ হয়। পরে তারা পাশের ধানখেতে আশ্রয় নেন।
মাসুদের বড় বোনের পক্ষাঘাতগ্রস্ত মেয়ে ফারিয়া কবিরের সমুদ্র দেখার ইচ্ছা পূরণ করতেই তারা গত বুধবার ঢাকা থেকে ১০ জন কক্সবাজারে এসেছিলেন। একজন আগেই ফিরে গেলেও আগুনে ফারিয়াসহ ছয়জনের মৃত্যু হয়। আহতদের প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে এবং পরে শনিবার রাতে ঢাকায় আনা হয়। মাসুদ সীনহা গ্রুপের মার্চেন্ডাইজার এবং তার স্ত্রী প্রিমিয়ার ব্যাংকে কর্মরত। তারা ঢাকার উত্তরায় থাকেন। অগ্নিকাণ্ডের কারণ জানতে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।